ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরির পর রাজনৈতিক সৌজন্যতা ও ভবিষ্যৎ সরকার গঠনের রূপরেখা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনায় বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে পৃথক সাক্ষাৎ করবেন তিনি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছে। এছাড়া জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে বিএনপির প্রার্থীদের জয়লাভের জোরালো সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে তারেক রহমান প্রথমবারের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের জয় বিএনপির সংসদীয় রাজনীতির ইতিহাসে অন্যতম বড় অর্জন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়েছিল। সে সময় জোটের শরিকসহ মোট আসন ছিল ২১৬টি এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার এককভাবেই দুই শতাধিক আসন পেয়ে বিএনপি সেই রেকর্ড স্পর্শ করার পথে।

