দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যশোরের চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলা যুবদলের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মো. হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সংগঠন থেকে তাকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। এরই পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ডের নির্দেশে তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বহিষ্কার আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। একইসাথে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে হাফিজুর রহমানের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

