যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৮) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।
অভিযানের বিবরণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র একটি আভিযানিক দল রোববার রাত ৮:২০ মিনিটে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারে অবস্থান নেয়। বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় একটি সন্দেহভাজন ‘Apache RTR 160 4V’ মোটরসাইকেলের গতিরোধ করেন ডিএনসি সদস্যরা।
এ সময় মোটরসাইকেল আরোহী সাব্বির ও আমিনুরকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫,০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদকসহ মোটরসাইকেলটি এবং তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

