বেনাপোল সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

আরো পড়ুন

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন রাস্তার পাশে অস্ত্রগুলো লুকিয়ে রাখা ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২,১০,৪০০ (দুই লক্ষ দশ হাজার চারশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে আমরা সর্বদা তৎপর রয়েছি।”

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্রগুলোর উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ