ধানের শীষের সমর্থনে উত্তাল বেনাপোল: বন্দর শ্রমিকদের বিশাল মিছিল ও শো-ডাউন

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শার্শা উপজেলা ও বেনাপোল বন্দরে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটনের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের করেন বেনাপোল স্থলবন্দরের হাজার হাজার শ্রমিক। বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য শো-ডাউনটি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বাদ্যযন্ত্রের তালে তালে ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বন্দর এলাকা। হাজার হাজার সাধারণ শ্রমিক ও নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল পৌরসভা ও আন্তর্জাতিক চেকপোস্টের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের ব্যাপ্তি ও উৎসবমুখর পরিবেশ দেখে রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে অভিবাদন জানান।

মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন।
শ্রমিক নেতারা বলেন, “নুরুজ্জামান লিটন শার্শার গণমানুষের নেতা। বন্দরের উন্নয়ন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা বিপুল ভোটে তাঁকে জয়যুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারে শরিক হবো।”

বিশাল এই প্রচার মিছিলে আরও উপস্থিত ছিলেন ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সংগঠক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম। এছাড়া বিভিন্ন লেবার সরদার ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শো-ডাউনে অংশ নেন।
মিছিলটি শান্তি ও শৃঙ্খলার সাথে পুনরায় বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

আরো পড়ুন

সর্বশেষ