আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, “পোস্টাল ব্যালট গণনা একটি অত্যন্ত সংবেদনশীল কাজ। নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি ভোট নির্ভুলভাবে গণনা করতে হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান প্রতিটি কর্মকর্তাকে পেশাদারত্বের সঙ্গে প্রয়োগ করতে হবে।”
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোস্টাল ব্যালট সংরক্ষণ ও গণনার স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে কর্মকর্তারা নির্ভয়ে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন।”
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে পোস্টাল ব্যালট গণনার পদ্ধতি, বৈধ-অবৈধ ভোটের পার্থক্য এবং ফলাফল চূড়ান্ত করার বিভিন্ন আইনি দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো প্রবাসী ও পেশাজীবীদের জন্য বড় পরিসরে পোস্টাল ব্যালটের সুবিধা চালু করায় এর গণনা প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

