গাজীপুর থেকে চুরি হওয়া একটি ব্র্যান্ড নিউ ট্রাক যশোরে এনে কেটে যন্ত্রাংশ আলাদা করে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর এলাকার ‘খাদেম মার্কেট’ সংলগ্ন এহসান মোটরসে এই ঘটনা ঘটে। গাড়িটি কাটার কাজ চলাকালীন বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মকর্তার নজরে আসায় পুরো জালিয়াতি ফাঁস হয়ে যায়।
ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম জানান, গাজীপুরের কাপাসিয়া এলাকার ব্যবসায়ী মো. রোকন দুই বছর আগে তাদের কোম্পানি থেকে কিস্তিতে একটি ১৪ টনের ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬) ক্রয় করেন। গত তিন দিন আগে ট্রাকটি নিখোঁজ হয়।
নিখোঁজ ট্রাকটির সন্ধানে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর সময় সোমবার সকালে যশোর শহরের বকচর এলাকায় একটি ট্রাক কাটতে দেখেন কামরুল ইসলাম। ট্রাকটির অবস্থা নতুন দেখে তার সন্দেহ হয়। পরে কাছে গিয়ে ইঞ্জিন নম্বর (mhhz407640) এবং চ্যাসিস নম্বর (mb1a2hac4mrhn3629) মিলিয়ে তিনি নিশ্চিত হন যে, এটিই সেই চুরি হওয়া ট্রাক।
ঘটনাস্থলে দেখা যায়, নতুন ট্রাকটির বডি কেটে যন্ত্রাংশ আলাদা করার কাজ পুরোদমে চলছে। এ সময় এহসান মোটরসের মালিক আহসান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরবর্তীতে তিনি দাবি করেন, তিনি অন্য এক পক্ষের কাছ থেকে গাড়িটি কিনেছেন। তবে সেই বিক্রেতার পরিচয় বা গাড়ির বৈধ কোনো কাগজপত্র তিনি তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি।
ট্রাকটির প্রকৃত মালিক মো. রোকন খবর পেয়ে ইতোমধ্যে গাজীপুর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইফাত অটোসের কর্মকর্তারা জানান, গাড়িটির কিস্তির টাকা এখনো সম্পূর্ণ পরিশোধ করা হয়নি। তারা এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

