যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ হোসেনের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথ বাহিনী। অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মারুফ হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুরো বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ঘর থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ সরঞ্জাম ও ধারালো অস্ত্রের বড় চালান উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
* ৪টি পেট্রোল বোমা
* ২টি অ্যামোনেশন (গোলাবারুদ)
* ১টি চাইনিজ কুড়াল
* ৫টি চাপাতি
* ৩টি মাঝারি ছুরি
* ৩টি রান্দা (১টি বড় ও ২টি মাঝারি)
* ১টি হকি স্টিক
আইনি পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
অভিযান শেষে উদ্ধারকৃত সমস্ত আলামত অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সামগ্রী বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় এত বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক মারুফ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অপরাধ দমনে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

