যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ঘোষণা করেছেন, আগামী দিনের শান্ত ও মুক্ত পরিবেশে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না; অপরাধীদের একমাত্র ঠিকানা হবে কারাগার। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “জনগণের সামান্যতম কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাও হন, তবে আমি তার জন্য কারাগার নিশ্চিত করব।”
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নতুনহাট বাজারে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ধানের শীষ শান্তি ও শৃঙ্খলার প্রতীক। অতীতে যতবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মানুষ উন্নয়নের সুফল ভোগ করেছে। তিনি উল্লেখ করেন, “বিএনপি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, তা কেবল কিছু প্রতিশ্রুতির সংকলন নয়; এটি জনগণের সাথে আমাদের একটি লিখিত চুক্তি। সরকার গঠন করলে এই চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক।”
প্রতিপক্ষের সমালোচনা ও অভিজ্ঞতার অভাব
নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে তিনি বলেন, “আজ যারা বিএনপির বিপরীতে দাঁড়িয়ে ভোট চাচ্ছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার অভাবের কারণেই জনগণের জন্য তাদের কাছে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। মানুষ আজ দিকভ্রান্ত নয়, তারা উন্নয়ন ও নিরাপত্তার পার্থক্য বোঝে।”
নতুনহাটের পথসভার আগে তিনি পুলেরহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ ব্যবসায়ী এবং পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। অমিতের উপস্থিতিতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষ তাকে আশ্বস্ত করে বলেন, দেশের চলমান অস্থিরতা কাটিয়ে শান্তি ফেরাতে তারা ধানের শীষের ওপরই আস্থা রাখতে চান।
বর্তমান দেশের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে অমিত বলেন, মানুষের জানমালের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিগত দিনেও প্রয়োজনের সময় ধানের শীষকে বেছে নিয়েছিলেন, এবারও নিজেদের অধিকার এবং শান্তির স্বার্থে ধানের শীষেই ভোট দেবেন বলে আমার বিশ্বাস।”

