নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা চৌগাছা সীমান্তে এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড রোধে বিজিবির কড়া নজরদারির অংশ হিসেবে এই সাফল্য এসেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে এই অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্বোক্ত সরঞ্জামগুলো জব্দ করা হয়:
* অস্ত্র: ৪টি ভারতীয় এয়ারগান এবং ১টি বিদেশি গ্যাস পিস্তল।
* সরঞ্জামাদি: ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ‘ইউ’ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা।
জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

