পবিত্র হজ পালনপ্রত্যাশীদের জন্য আনুষ্ঠানিক ভিসা কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
আগের বছরগুলোর তুলনায় এবার অনেক আগেভাগেই ভিসার কাজ সম্পন্ন করে হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে চায় সৌদি কর্তৃপক্ষ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানিয়েছে, হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর অন্তত কয়েক মাস আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে এই বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মূলত সেবার মান বৃদ্ধি এবং শেষ মুহূর্তের জটিলতা এড়াতে এই আগাম ভিসা কার্যক্রম শুরু করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে হজযাত্রীদের মাঝে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কার্যক্রমের সময়রেখা ও ডিজিটাল ব্যবস্থাপনা
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের ৮ জুন। তখন থেকেই বিভিন্ন দেশের হজ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরিকল্পনা পাঠানো হয়।
* ডিজিটাল প্ল্যাটফর্ম: হজ অফিসগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে মক্কা ও মদিনার আবাসন, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সমন্বয় করছে।
* চুক্তি সম্পন্ন: মক্কা ও মদিনায় আবাসন এবং পরিবহন সংক্রান্ত সকল আনুষ্ঠানিক চুক্তি গত জানুয়ারির মধ্যেই শেষ করা হয়েছে।
* ভিসার সময়সীমা: ৮ ফেব্রুয়ারি ভিসা ইস্যু শুরু হয়ে মার্চ মাসের মধ্যেই সমস্ত ভিসার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী ১৮ এপ্রিল (১ জিলকদ) থেকে হজযাত্রীদের প্রথম দল সৌদি আরবে পৌঁছাতে শুরু করবে। এর মাধ্যমেই শুরু হবে ২০২৬ সালের হজ মৌসুমের চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম। হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নির্ধারিত এই সময়সূচি কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

