আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, “খাল খনন কর্মসূচি গ্রাম ও শহর উভয় অঞ্চলেই অত্যন্ত জনপ্রিয়। আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আমরা সারাদেশে ২০ হাজার কিলোমিটার ক্যানেল বা খাল খনন করতে চাই।”
তারেক রহমান তার বক্তব্যে খাল খননের পেছনে মূলত তিনটি প্রধান কারণ উল্লেখ করেন:
* বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণ: এক বছর আগে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বন্যার উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে বন্যার পানি দ্রুত সরে যায় অথবা জলাবদ্ধতা তৈরি করে। খাল খননের মাধ্যমে বিশাল পরিমাণ পানি ধরে রাখা সম্ভব, যা পরে কৃষি ও অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যাবে।
* ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষা: অতিরিক্ত ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খাল খনন করলে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানির ব্যবহার বাড়বে এবং বৃষ্টির পানি চুইয়ে ভূ-গর্ভস্থ পানির স্তরকে (Groundwater recharge) পুনরুজ্জীবিত করবে।
* আর্সেনিক ঝুঁকি হ্রাস: তিনি সতর্ক করে বলেন, যত বেশি ভূ-গর্ভস্থ পানি তোলা হয়, আর্সেনিক তত উপরে উঠে আসে। খাল খননের মাধ্যমে পানি রিচার্জ করা হলে আর্সেনিকের ঘনত্ব কমে আসবে এবং এটি মাটির গভীরে চলে যাবে।
বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে চীন, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ব্রিটেনসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন।

