যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের গুরুত্বপূর্ণ নির্বাচনী পথসভা। সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই সমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী ও সাহসী কণ্ঠস্বর হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহর আগমনকে ঘিরে যশোর জেলাজুড়ে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশকে সফল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে জোটের শরিক দলগুলো।
বিশেষ করে এনসিপি (NCP) যশোর জেলা শাখা এই পথসভাকে বিশাল জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এনসিপি’র জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান এক সাংগঠনিক বার্তায় দলের সকল স্তরের নেতা-কর্মী ও সংগঠকদের যথাসময়ে ভৈরব চত্বরে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
জোটের স্থানীয় নেতাদের মতে, হাসনাত আবদুল্লাহর উপস্থিতি কেবল রাজনৈতিক নেতা-কর্মীদের নয়, বরং সাধারণ ছাত্র-জনতাকেও অনুপ্রাণিত করবে। তারা আশা করছেন, আজকের এই পথসভাটি যশোরের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে এবং বিপুল জনসমাগমের মাধ্যমে জোটের শক্তির জানান দেবে।

