ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গুলি: রাকসু জিএসসহ আহত শতাধিক

আরো পড়ুন

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করা ‘ইনকিলাব মঞ্চ’র মিছিলে পুলিশের অ্যাকশনে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা। এই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক জিএস সালাউদ্দিন আম্মার এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় সমবেত হন। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে রওনা হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন।

আন্দোলনকারীদের দাবি, পুলিশ মিছিলে বাধা দেওয়ার একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের পাশাপাশি গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া জুমা ও শান্তা নামের দুই নেত্রীকে পুলিশের পক্ষ থেকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলেছে সংগঠনটি।

> “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে মাড়ানো হয়েছে। শতাধিক নেতাকর্মী আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।”
>

গুলিবিদ্ধ হওয়ার পর আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো জমায়েতের প্রয়োজন নেই। আপাতত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পুনরায় রাজপথে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, পুলিশ বলছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ