ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মধ্য দিয়েই তাঁর ঢাকার বাইরের সব নির্বাচনী জনসভা শেষ হতে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজকের সফরসূচি
বরিশাল সফর: বেলা ১১টায় বিমানে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
ফরিপুর সফর: দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
ঢাকায় প্রত্যাবর্তন: ফরিদপুরের জনসভা শেষে আজই তাঁর বিমানে করে পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সফর শুরু করেন তারেক রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনি দেশের প্রতিটি বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলায় প্রচার চালান:
সিলেট ও সংলগ্ন এলাকা: মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী।
চট্টগ্রাম ও কুমিল্লা: চট্টগ্রামসহ ফেনী, চৌদ্দগ্রাম ও দাউদকান্দি।
উত্তরাঞ্চল সফর: ২৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল।
দক্ষিণাঞ্চল: গত সোমবার খুলনা ও যশোরে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার বাইরের প্রচারণা আজ শেষ হলেও আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের আগ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারম্যান।

