শার্শায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, নগদ টাকা লুট

আরো পড়ুন

, শার্শা যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে কামাল হোসেন (২৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী ও তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় ওই ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দফায় উপজেলার গোগা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে গোগা বাজারে কামালের দোকানে গিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার বিনিময়ে বড় অঙ্কের চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। এরপর সন্ধ্যার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে হামলা চালায়। ওই সময় কামাল দোকানে না থাকায় হামলাকারীরা তার বৃদ্ধ পিতা ও ছেলেকে বেধড়ক মারধর করে।
পরবর্তীতে দ্বিতীয় দফায় আবারও দোকানে এসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, হামলাকারীরা দোকানের আসবাবপত্র ও ক্যাশ টেবিল ভেঙে ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। হামলার পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ই আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে গোগা বাজার ও সংশ্লিষ্ট ইউনিয়নজুড়ে আধিপত্য বিস্তার করে আসছেন কথিত বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী হযরত আলী। তার নেতৃত্বেই এলাকায় একটি প্রভাবশালী বলয় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে।
* পুরোনো বিরোধ: কৃষিজমিতে সেচের পানি ও ডিপ টিউবওয়েলের মালিকানা নিয়ে কামালের সঙ্গে হযরত আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল।
* বাকিতে মালামাল চাওয়া: বুধবার সকালে হযরত আলীর ডাকে কামাল তার বাড়িতে গেলে বড় অঙ্কের রড ও সিমেন্ট বাকিতে দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই পরবর্তীতে চাঁদা দাবি ও হামলা চালানো হয়।

অভিযুক্ত হযরত আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোনো চাঁদাবাজি বা লুটের ঘটনা ঘটেনি; বরং পুরোনো মামলা নিয়ে বিরোধের জেরে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

সর্বশেষ