যশোরে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনিয়মের দায়ে তেল পাম্পে জরিমানা ও সতর্কবার্তা

আরো পড়ুন

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক পরিদর্শনের পরপরই যশোরের একটি তেল পাম্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত ‘মনির উদ্দিন তেল পাম্পে’ এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আকস্মিকভাবে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রীক তেল পাম্প পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি পাম্প দুটির জ্বালানি তেল আমদানি ও বিক্রির বিভিন্ন নথিপত্র এবং রশিদ যাচাই-বাছাই করেন। এসময় বেশ কিছু প্রশাসনিক ও বাণিজ্যিক অসঙ্গতি তাঁর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি জেলা প্রশাসককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর রাত ১০টার দিকে জেলা প্রশাসনের একটি টিম মনির উদ্দিন তেল পাম্পে অভিযানে নামে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এই টিমে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান চলাকালে দেখা যায়, পাম্পে মজুদ থাকা বিদেশি মবিলের বোতলে আমদানিকারকের বাধ্যতামূলক সিল নেই এবং পণ্যের সঠিক মূল্য তালিকাও প্রদর্শিত হচ্ছিল না। এই অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ