যশোরে আঞ্চলিক গানের সুরে ভোটারদের সচেতন করল জেলা তথ্য অফিস

আরো পড়ুন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোর জেলা তথ্য অফিস। সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আঞ্চলিক গানের অনুষ্ঠান। গানের সুরে সুরে ভোটারদের সচেতন করা এবং নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

বিকেল থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান এবং ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান মিন্টু। এছাড়াও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

সচেতনতামূলক এই আয়োজনে খুলনার আঞ্চলিক গানের ডালি নিয়ে হাজির হন খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পীবৃন্দ। তাদের সঙ্গে সুর মেলান ব্যঞ্জন থিয়েটারের শিল্পীরাও। অনুষ্ঠানে মাটি ও মানুষের গানের পাশাপাশি তিনটি আকর্ষণীয় নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গ্রামের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার প্রত্যাশা আক্তার নিশা।

তথ্য অফিসের এই ভিন্নধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। গান ও নৃত্যের মাধ্যমে কঠিন সব নির্বাচনী নিয়মকানুন ও আচরণবিধি সহজে বুঝতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। জেলা তথ্য অফিস জানায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ