আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক মণিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বাকোশপোল ও উত্তর পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে বাকোশপোল এলাকায় সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রার্থীর কাছে তাদের দুরাবস্থার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে গরু, পুকুর থেকে মাছ এবং ক্ষেতের ফসল লুট করে নিয়ে গেছে।
তাদের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শুনে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “জামায়াতে ইসলামী মানুষের জান-মালের নিরাপত্তায় কোনো আপস করে না। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। ইনসাফ কায়েম হলে এলাকায় কোনো প্রকার লুটতরাজ, চাঁদাবাজি বা সন্ত্রাসের ঠাঁই হবে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার।”
’
উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশে গাজী এনামুল হক আগামী ১২ তারিখের নির্বাচনে সাহস প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন:
> “আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আজ সাহস দেখাতে হবে। আগামী ১২ তারিখ ভয়কে জয় করে সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের রুখে দেবেন। মনে রাখবেন, একদিন সাহস দেখালে আমরা আগামী ৫ বছর শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারব। কিন্তু আজ যদি আমরা ভয়ে চুপসে যাই, তবে পরবর্তী ৫ বছর ভয়ের মধ্যেই কাটাতে হবে।”
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। বিশেষ করে ‘জুলাই বিপ্লবের’ একঝাঁক অকুতোভয় তরুণ যোদ্ধাকে এ সময় প্রার্থীর সাথে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে দেখা যায়। তারা সাধারণ ভোটারদের মাঝে পরিবর্তনের বার্তা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লিফলেট বিতরণ করেন।

