বাঘারপাড়ায় ১০টি গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিয়েছে যৌথ বাহিনী। যশোরের বাঘারপাড়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল রয়েছে।

গোয়েন্দা সংস্থা এনএসআই-এর (NSI) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামে এই যৌথ অভিযান শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব। ওই গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে মারণাস্ত্রের এই বিশাল মজুদ খুঁজে পাওয়া যায়।

অভিযান শেষে যৌথ বাহিনী ওই বাড়ি থেকে নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার কথা নিশ্চিত করেছে:
* ১০টি শক্তিশালী গ্রেনেড।
* ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত)।
* ১৯ রাউন্ড পিস্তলের গুলি।
* ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির সদস্যরা আগেভাগেই পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় বাড়ির মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের তথ্যমতে, রায়হানের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অস্ত্র মামলা রয়েছে।
যৌথ বাহিনীর কর্মর্তারা জানান, উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রগুলো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তারে এলাকায় ব্যাপক ‘চিরুনি অভিযান’ অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ