যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত: মোবাইল ছিনতাই

আরো পড়ুন

যশোর শহরের আর এন রোড পিকআপ স্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় বাঁধন মন্ডল (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি দামী স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত বাঁধন মন্ডল যশোর সদর উপজেলার সিটি কলেজ পাড়া এলাকার গৌরাঙ্গ মন্ডলের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষ করে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। আর এন রোড পিকআপ স্ট্যান্ডের নিরিবিলি এলাকায় পৌঁছালে দুই যুবক তাকে একা পেয়ে পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তার সাথে থাকা ‘ভিভো’ ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
হামলার পর বাঁধনের চিৎকার শুনে আশেপাশের পথচারীরা এগিয়ে আসেন। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের জখম বেশ গভীর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

সর্বশেষ