আল্লাহ, আমার সন্তানকে নিয়ে যেও না’: গভীর নলকূপে আটকে সাজিদ, আহাজারি মায়ের

আরো পড়ুন

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে জীবিত ফিরে পাওয়ার আশায় নির্ঘুম রাত কাটিয়েছে উদ্ধারকর্মীরা। সন্তানকে ফিরে পাওয়ার উদ্বেগে একই সাথে বিনিদ্র রজনী পার করেছেন স্বজনরাও।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিকেল থেকে সন্ধ্যা, রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মায়ের আহাজারিতে ভারী চারপাশ
নিখোঁজ শিশু সাজিদ ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালেও ঘটনাস্থলের কাছে এসে সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুনের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
বুক চাপড়ে কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, “আল্লাহ, আমার সন্তানকে নিয়ে যেও না। আমার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছি। আমাকে সাজিদকে আরও বড় করতে দাও। আমার শিশুকে আমার বুকে ফিরিয়ে দাও, আল্লাহ।”
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবুও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান থেমে নেই।
এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে কয়েক দফা ক্যামেরা নামানো হয়। তবে গর্তের মুখে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে শিশুটির অবস্থান দেখা সম্ভব হয়নি। ঘটনার দিন দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও, এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানিয়েছেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে। মূল গর্তের পাশে আরেকটি গর্ত তৈরি করার পর এখন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। সুড়ঙ্গ তৈরি হলে মইয়ের সাহায্যে শিশুর কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।
এদিকে, সকাল গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ