স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন

আরো পড়ুন

নিউইয়র্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাবের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট দিয়েছে ভারত। প্রস্তাবটি ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি গৃহীত হয়। মোট ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ১০টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবের মূল বিষয়বস্তু
প্রস্তাবটির শিরোনাম ছিল—‘প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন বিষয়ে নিউইয়র্ক ডিক্লারেশনের অনুমোদন’। এতে গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। বিশ্বনেতারা একমত হন যে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায়সংগত, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য যৌথ পদক্ষেপ জরুরি।
ঘোষণাটিতে ৭ অক্টোবরের হামাসের হামলাকে যেমন নিন্দা জানানো হয়েছে, তেমনি গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানের কঠোর সমালোচনাও করা হয়। এতে গাজায় ব্যাপক বেসামরিক হতাহত, অবকাঠামো ধ্বংস এবং মানবিক বিপর্যয় সৃষ্টির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বীকৃতি
প্রস্তাবে ইসরায়েলের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানে প্রকাশ্য অঙ্গীকার করার আহ্বান জানানো হয়েছে, যাতে একটি সার্বভৌম ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। একই সঙ্গে বসতি স্থাপন ও ভূমি দখল কার্যক্রম বন্ধ করা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অবসানের দাবি জানানো হয়েছে।
এই ঘোষণায় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পুনরায় সমর্থন জানানো হয়। এতে বলা হয়, দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া সংঘাত আরও তীব্র হবে।
ভারতের অবস্থান ও অন্যান্য দেশের সমর্থন
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভারতসহ সব উপসাগরীয় আরব দেশগুলো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি এবং পাপুয়া নিউগিনিসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দেয়।
প্রস্তাবটি গত জুলাইয়ে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বিতরণ করা হয়েছিল। ফিনল্যান্ড সম্প্রতি এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে। ফ্রান্স ও বেলজিয়াম জানিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আগামী ২২ সেপ্টেম্বর রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৯টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ