যশোরের বেনাপোলে পাটবাড়ী আশ্রমে নির্যান তিথির অনুষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত রাজু আহমেদ সুইটকে আটক করেছে পুলিশ। তবে তার সহযোগী মাসুম বিল্লাহ এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুইট আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দ্রুত মাসুম বিল্লাহকেও গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসী।
আটক রাজু আহমেদ সুইট দূর্গাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আর পলাতক মাসুম বিল্লাহ কাঠালবাগান এলাকার কালাম হোসেনের ছেলে।
সূত্র জানায়, গত ৫ ও ৬ সেপ্টেম্বর বেনাপোলে আয়োজিত নির্যান তিথির মহাউৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১০ হাজার ভক্ত সমাগম ঘটে। এ সময় সুইট ও মাসুমসহ কয়েকজন হাতে চাপাতি নিয়ে গাড়িচালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা প্রায় ২০টি বাস থেকে ১০ হাজার টাকা, ৩৫টি মাইক্রোবাস থেকে ১০ হাজার ৫০০ টাকা এবং ১৫টি প্রাইভেটকার থেকে ৩ হাজার টাকা আদায় করে মোট ২৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।
৬ সেপ্টেম্বর আয়োজক কমিটি প্রতিবাদ জানালে স্বেচ্ছাসেবকদের হুমকি-ধামকিও দেওয়া হয়। পরে ৯ সেপ্টেম্বর দূর্গাপুর গ্রামের সোহাগ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সুইট ও মাসুমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে সুইটকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

