সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ২, আহত ২

আরো পড়ুন

বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি করা গরু নৌকায় করে সিরাজগঞ্জে নেওয়ার সময় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেরিপোটল গ্রামের রজব মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৩২) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।

এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। বর্তমানে তারা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে যমুনা নদী হয়ে একটি দল নৌকায় করে পালাচ্ছিল। বিষয়টি জানতে পেরে সারিয়াকান্দি থেকে সিরাজগঞ্জের কাজিপুরে ফোনে খবর দেওয়া হয়। এরপর স্থানীয়রা যমুনা নদীতে একটি নৌকায় গরু দেখতে পেয়ে ধাওয়া করে। পাঁচঠাকুরী এলাকায় গিয়ে নৌকাটি আটক করা হলে পাঁচজনের মধ্যে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি মৃত গরু ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। নৌকা, গরু এবং আহতদের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ