যশোরের খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলু (৪৫)–কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, দেলুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট আটটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার বলেন, দেলু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে অপরাধ সংঘটনের একাধিক অভিযোগ রয়েছে।
এসআই জানান, গত ১৯ মে সকালে শংকরপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় দুই শিশু খেলতে গিয়ে একটি বোমা কুড়িয়ে পায়, যা বিস্ফোরণে রূপ নেয়। এতে শাহাদাত হোসেনের ছেলে সজিব আহমেদ (৭) ও মেয়ে খাদিজা (৫) গুরুতর আহত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে উঠে আসে, বোমাটি সেই এলাকায় রেখে যাওয়ার সঙ্গে দেলুর সম্পৃক্ততা রয়েছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

