দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আঙিনায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার (২২ জুন) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে মরদেহটি গাছে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য হারুন-উর রশিদ জানান, প্রায় সাত বছর আগে পাটশাও গ্রামের আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমকে বিয়ে করেন মজনু মিয়া। বিয়ের পর থেকে তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতেই থাকতেন এবং জীবিকার জন্য কখনো গাড়ির সহকারী, কখনো মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি আরও জানান, মজনু মাদকাসক্ত ছিলেন।
মজনুর স্ত্রীর ভাষ্যমতে, শনিবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মজনু। রাতের কোনো এক সময় অজান্তেই ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির সামনের আমগাছে গলায় ফাঁস নেন। সকালে তার শাশুড়ি মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, “সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

