শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী মাঠে টাকা বিতরণের অভিযোগে এক জামায়াতকর্মীকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাত লাখ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে যৌথবাহিনী বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও জামায়াত ইসলামীর কর্মী গোলাম মোস্তফাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে নগদ সাত লাখ টাকা উদ্ধার করা হয়।
স্বীকারোক্তি ও প্রার্থীর পরিচয়
জিজ্ঞাসাবাদে আটক গোলাম মোস্তফা স্বীকার করেন যে, তিনি শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউলের কর্মী। উদ্ধারকৃত টাকাগুলো বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য আনা হয়েছিল বলে তিনি জানান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে এ বিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি অভিযোগ করেন, “সকাল থেকেই মহিলা কর্মীরা এলাকার ঘরে ঘরে টাকা বিতরণ করছিলেন।” তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

