যশোরের চিহ্নিত সন্ত্রাসী, শহরের রেলগেট কলাবাগানপাড়ার বাসিন্দা রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে মদ ও বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে যশোর শহরের রেলগেট এলাকায় ‘পিচ্চি রাজা’র উত্থান ঘটে। এরপর থেকে ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি – সবই তার অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠে। দিন দিন তার প্রভাব বাড়তে থাকলে ২০২৪ সালের দিকে একই এলাকার আরেক সন্ত্রাসী রমজানের সঙ্গে তার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ শুরু হয়।
২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামীমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে ‘পিচ্চি রাজা’ আলোচনায় আসেন। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধে তার নাম জড়িয়ে পড়ে। ‘পিচ্চি রাজা’র বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, বোমাবাজি, মাদক ও মারামারি সহ দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ‘পিচ্চি রাজা’কে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

