জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার (৭ জুন) সকালে ঈদের নামাজ ও খুতবার পর এই মুনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজের আগে খতিব মুফতি আব্দুল মালেক হজ ও কোরবানির তাৎপর্য তুলে ধরে বলেন, “হজ ও কোরবানির মূল শিক্ষা হলো তাওহিদ বা আল্লাহর একত্বে বিশ্বাস। মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য।”
তিনি আরও বলেন, “হজ ও কোরবানি আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও নিষ্ঠার প্রতীক। এই ইবাদতের মাধ্যমে ইখলাস ও তাক্বওয়ার চর্চা আবশ্যক, যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত হওয়া উচিত।”
বিশ্ব মুসলিমের ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে তিনি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন এবং মুসলিম বিশ্বের নেতাদের প্রতি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খতিব আরও উল্লেখ করেন, “পরিচ্ছন্নতা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির সময় যেন রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ নোংরা না হয়, এ বিষয়ে সবার সচেতন থাকা দরকার।”
এবারের প্রধান জামাতে অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, বিচারপতি ও বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা

