ক্লাসিক রোমান্টিক সিনেমা প্রেমের সমাধি থেকে ভাইরাল হওয়া সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ নতুন করে উপস্থাপন করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তবে এবার পর্দার হেনার বাবার কাছে নয়, সরাসরি হাজির হলেন বাস্তব জীবনের হেনার (শাবনাজ) স্বামী নাঈমের কাছে!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই সংলাপ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম ও ভিডিও। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার বাপ্পারাজ ও নাঈম নিজেরাই দৃশ্যটি রিক্রিয়েট করলেন।
ভাইরাল সংলাপের পেছনের গল্প
প্রেমের সমাধি সিনেমার এক বিখ্যাত দৃশ্যে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে দেখে প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো। বিস্মিত বকুল হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, “চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?” উত্তরে তিনি জানান, “হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।”
শোকাহত বকুল কান্নায় ভেঙে পড়ে, “না, না! হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।” এরপরই আবেগঘন গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ বেজে ওঠে।
সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাপ্পারাজ জিপ চালিয়ে নাঈমের কাছে পৌঁছান এবং জিজ্ঞেস করেন, “নাঈম ভাই, হেনা কোথায়?”
নাঈম তখন বাপ্পারাজের কাঁধে হাত রেখে বলেন, “বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে।”
বাপ্পারাজ তখন আবেগ ধরে রাখতে না পেরে চিৎকার করে বলে ওঠেন, “না, আমি বিশ্বাস করি না!” এরপর নাঈমকে জড়িয়ে ধরে কান্না করেন তিনি।
ভিডিওর একপর্যায়ে পিছন থেকে আসেন দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ আরও অনেকে। তারা একসঙ্গে গাইতে শুরু করেন সেই পরিচিত গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’!
শেষ দৃশ্যে দেখা যায়, হেনা চরিত্রে অভিনয় করা শাবনাজ হেসে হাত নাড়তে নাড়তে বাপ্পারাজ ও নাঈমের দিকে এগিয়ে আসছেন।

