জনপ্রিয় রিয়ালিটি শো ‘টু হট টু হ্যান্ডেল’ দিয়ে খ্যাতি পাওয়া অভিনেত্রী ওলগা বেডনারস্কা সম্প্রতি ৪০ কেজি গাঁজাসহ আটক হয়েছেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর তার স্যুটকেস থেকে এই মাদক উদ্ধার করা হয়। মাদকের বাজারমূল্য প্রায় দুই কোটি ৩৭ লাখ টাকা।
মাদকের অভিযোগে দোষী সাব্যস্ত
বেডনারস্কা আদালতে স্বীকার করেন, তিনি যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। আদালতের রায়ে তাকে ২০ মাসের স্থগিত সাজা এবং ১৫ দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়। তবে ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধে জড়িত হলে তাকে ২০ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বেডনারস্কা আদালতে দাবি করেন, তিনি স্যুটকেসে মাদক থাকার বিষয়ে জানতেন না। তাকে বলা হয়েছিল, স্যুটকেসে ডিজাইনার ঘড়ি ও কাপড় রয়েছে। এর বিনিময়ে তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইট খরচ দেওয়া হবে। তবে বিচারক এই যুক্তি নাকচ করে বলেন, “আপনি অপরিচিত একজনের কথায় অবৈধ জিনিস বহনে রাজি হয়েছেন, যা নিজেই একটি অপরাধ। মাদক পাচারে সরাসরি যুক্ত হয়ে নিজের লাভের আশায় কাজ করেছেন।”
আর্থিক সংকটের কারণে জড়িত হন
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বেডনারস্কা তখন প্রায় ১৬ হাজার ইউরো ঋণে জর্জরিত ছিলেন এবং আয়ের তুলনায় বেশি খরচ করতেন। ঋণমুক্ত হওয়ার জন্যই তিনি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
এই ঘটনা অভিনেত্রীর জীবনে যেমন একটি বড় ধাক্কা, তেমনই এটি মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের একটি উদাহরণ হয়ে থাকবে।

