ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে ভারত ও বাংলাদেশে আটকা পড়বে প্রচুর পণ্যবোঝাই ট্রাক।
বৃহস্পতিবার বিকেলে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের ছুটির আগেই পচনশীল পণ্যগুলো অগ্রাধিকার ভিত্তিতে খালাস করা হয়েছে। তবে বাকি পণ্যবাহী ট্রাকগুলো বন্ধের সময় আটকা পড়বে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ১৭ জুন ঈদুল আজহা উপলক্ষে দুই দেশেই সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ১৯ জুন সকাল থেকে আবার আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
জাগো/আরএইচএম

