যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের ছেলে আজমাইন মুজতাবির মালয়েশিয়ার চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইইএলটিএস পরীক্ষায় ৯-এর মধ্যে ৯ নম্বর পেয়ে রেকর্ড গড়েছেন। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইইলটিএসে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তিনিই একমাত্র।
আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান আজমাইন বর্তমানে মা-বাবার সাথে মালয়েশিয়ায় বসবাস করেন। গত বছর চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথে শতভাগ নম্বর পেয়ে সকলকে বিস্মিত করেছিলেন।
এবারের সাফল্যের মাধ্যমে আজমাইন শুধুমাত্র রেকর্ডই গড়েননি, বরং স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট (এসআইটি) স্কলারশিপ পরীক্ষায়ও ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে পূর্ণ নম্বর অর্জন করেছেন। এই স্কলারশিপের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
ভবিষ্যতে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা এই তরুণ আজমাইন বলেন, “প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি ভাষায় কথা বলা, শোনা ও লেখার দক্ষতা অত্যন্ত জরুরি। লক্ষ্য স্থির করে একাগ্রে চেষ্টা করলে অবশ্যই সাফল্য আসে – এটাই আমার বিশ্বাস।”
আজমাইনের এই অসাধারণ সাফল্যে তার পরিবার, স্কুল ও গ্রামবাসীরা আনন্দিত। তারা আজমাইনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেছেন।
জাগো/আরএইচএম

