কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে রোববার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। খেলায় দুইবার এগিয়ে থাকার পরও ড্রয়ের পথে থাকা ম্যাচে শেষ মুহূর্তে এসে গোল করে ব্রাজিল জয় ছিনিয়ে নেয়।
ম্যাচের শুরুতেই আন্দ্রেস পাহেইরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। কিন্তু ৭৩তম মিনিটে জুলিয়ান কুইনোনেস এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্তিনেজ আয়ালার গোলে সমতা ফেলে মেক্সিকো।
যখন মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ে শেষ হবে, তখনই ৯০+৩ মিনিটে নাটকীয় মোড় ঘোরে। ভিনিসিয়ুসের অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করে ম্যাচ জিতিয়ে দেন মাত্র ১৭ বছর বয়সী এনদ্রিক।
এই জয়ের মাধ্যমে কোপা আমেরিকার আগে আত্মবিশ্বাস অর্জন করেছে ব্রাজিল। টুর্নামেন্টের আগে তাদের আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলা রয়েছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
জাগো/আরএইচএম

