নাইজেরিয়ায় বন্দুকধারী-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, নিহত ৪০

আরো পড়ুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কাটসিনায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি দেশটিতে সংসদ সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচনের আগে বৃহস্পতিবার এ সহিংসতা হলো। খবর আল জাজিরার।

গত শুক্রবার রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, স্থানীয়ভাবে দস্যু হিসেবে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী কাটসিনার বাকোরি এলাকার একটি গ্রামে আক্রমণ করে। তারা গবাদি পশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হয়ে তাদের তাড়া করেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ইসাহ বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে যৌথ নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

তবে এ সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দুটি নিরাপত্তা সূত্র। প্রশাসন বলছে, সংঘর্ষের পর গত শুক্রবার ঝোঁপের মধ্য থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রাজ্যের কংকরা হাসপাতালে নেয়া হয়েছে।

আল জাজিরা জানায়, নাইজেরিয়ার ওই রাজ্যে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। রাজ্যটির প্রত্যন্ত অঞ্চলে গ্রাম এবং মহাসড়ক থেকে লোকজনকে আক্রমণ, লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটে থাকে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনের আগে দেশটিতে নিরাপত্তা সংকটের বিষয়টি প্রকট হয়ে উঠেছে। আট বছর আগে নিরাপত্তা সংকট অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রাক্তন সামরিক শাসক মুহাম্মাদু বুহারি। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি দারিদ্র্যকবলিত দেশটিতে।

আরো পড়ুন

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ