দেশের সবচেয়ে বড় গরু ‘মুজিবনগরের রাজাবাবু’

আরো পড়ুন

‘মুজিবনগরের রাজাবাবু’ই এবারের কোরবানির ঈদে দেশের সবচেয়ে বড় গরু বলে ধারণা করছেন মেহেরপুরবাসী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। গরুটির মালিক জেলার মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের কৃষক ইনছান আলী।

আদর করেই গরুটির নাম দিয়েছেন ‘মুজিবনগরের রাজাবাবু’। ১০ ফুট লম্বা, ৬ ফুট উচ্চতার এ রাজাবাবুর ওজন প্রায় ৪৫ মণ। দুই বছর ১০ মাস বয়সী রাজাবাবুকে সন্তানের মতোই ভালবাসা ও আদরে লালন-পালন করেছেন ইনছান আলী ও তার পরিবার।

বিশাল এ ষাঁড়ের জন্য প্রতিদিনের বাজেট প্রায় এক হাজার টাকা। খাবারের তলিকায় থাকে কলা, ভুট্টা, ছোলা, গম, ভাত চিড়া, তাজা ঘাস ও সামান্য বিচালিসহ অন্যান্য দামি খাবার।

আদর-যত্নের পাশাপাশি রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ রাখেন ইনছান আলী। রাজাবাবুর নিরাপত্তার স্বার্থে রাতে বাড়ির সবাই সতর্ক থাকেন।

এ বিষয়ে ইনছান আলী বলেন, চার মাস বয়সী হলস্টেইন ফ্রিজিয়ান জাতের রাজাবাবুকে ৮৫ হাজার টাকায় পাশের গ্রাম বিদ্যাধরপুর থেকে কিনেছিলাম। মমতা ও আদর দিয়ে লালন-পালন করে বড় করেছি তাকে। আজ পর্যন্ত রাজাবাবুর সামান্য সর্দি-জ্বর বা অন্য কোনো রোগ বালাই হয়নি। তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যেতে হয়নি।

কোরবানির ইদকে সামনে রেখে মুজিবনগরের রাজাবাবুর দাম হাঁকাচ্ছেন ২৫ লাখ টাকা। ‘মুজিবনগরের রাজা বাবু’ই আকার, আকৃতি ও ওজনের দিক থেকে দেশের সবচাইতে বড় গরু বলে দাবি করছেন স্থানীয়রা। তাই রাজাবাবুকে দেখতে প্রতিদিনই বাড়িতে ভিড় করেন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী লোকজন।

পাশের জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, কালিগঞ্জ, নওপাড়া, আলমডাঙ্গা, হাউলি, দামুড়হুদাসহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ীরাও আসছেন। দাম-দরও করছেন। এরই মধ্যে গরুর দাম ১২ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত উঠেছে।

ইনছান আলীর স্ত্রী শাহিনা আক্তার বলেন, বিশাল গরুটিকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি। দিনে দুইবার গোসল করাতে হয়। গোয়াল ঘরটিও দুই বেলা পরিষ্কার করতে হয়। সারাদিনই প্রায় যত্ন করতে হয় তাকে। রাজাবাবুর বিক্রির কথা উঠলেই বুকটা ফেটে যায়। চোখের পানি ঠেকাতে পারি না।

ইনছান আলীর এসএসসি পরীক্ষার্থী মেয়ে সেজুতি শবনম বলেন, রাজাবাবুকে আমাদের কাছে প্রাণী মনে হয় না, মনে হয় এটি যেন মানুষই। দেখতে বিশাল হলেও রাজাবাবু খুব শান্ত স্বভাবের। রাজাবাবু যেদিন বিক্রি হয়ে যাবে, সেদিন হয়ত খুব কষ্ট হবে আমাদের।

ইনছান আলীর ভাই আজগর আলী ও প্রতিবেশী মনিরুল ইসলাম জানান, শরীরের ফিটনেস ধরে রাখতে গরুটিকে প্রতিদিন বিকেলে গ্রামের মধ্য দিয়ে কিছুক্ষণ হাঁটানো হয়। হাঁটানোর সময় গরুটিকে দেখতে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকেন। গরুটির সুন্দর চেহারায় অনেকেই মুগ্ধ হন।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, রাজাবাবুকে দেখতে গিয়েছি। চার দাঁতের রাজাবাবুর আকার ও ওজন পরিমাপ করে দেখা যায়, গরুটির উচ্চতাছয় ফুট, লম্বা ১০ ফুট, বুকের পরিমাপ ১০ ফুট, মুখের চওড়া সাড়ে তিন ফুট, গলার বেড় ৫ ফুট, শিং চার থেকে ৫ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় ৪৫ মণ। প্রাণিসম্পদ বিভাগ থেকে গরুটির চিকিৎসা, খাদ্য তালিকা ও অন্যান্য পরামর্শ দিয়ে থাকি। আমার জানা মতে, এ গরুটিই বর্তমানে দেশের সবচেয়ে বড় গরু।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ