যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুরাডাঙ্গা আমতলা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।
:
আহত সাকিব যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
:
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঈদের নামাজ আদায় করে সাকিব বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সুরাডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ (৬০) এবং তার তিন ছেলে—বিপ্লব (৩৫), সুমন (৪৫) ও মাসুদসহ (৪০) আরও ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রের উল্টো পিঠ দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাকিবকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সাকিবের বাবা আখতারুজ্জামান অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

