যশোরের মণিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পারখাজুরা বাওরের পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাইদুল ইসলাম ওই গ্রামের চান্দ আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সকালে বাওরের পাড় দিয়ে যাওয়ার সময় একই গ্রামের মাহফুজ ও ইমদাদুল মেম্বার তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো গাছিদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

