যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গোবিলা গ্রামে ছেলের লাঠির আঘাতে বাবা রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ আমানত আলী (৬৩)। তিনি গোবিলা গ্রামের মৃত মাওলা বকশ বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আমানত আলীর ছেলে মনজুরুল ইসলাম লিংকন (৩০) হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি ঘরের একটি ভাঙা খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে আমানত আলীর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।
আঘাতের পরপরই পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক মনজুরুল ইসলাম লিংকন দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। মূলত মানসিক সমস্যার কারণেই তিনি অজ্ঞাত কারণে তার বাবার ওপর এই আক্রমণ চালিয়েছেন।

