যশোরে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় জমি দখল ও হুমকির অভিযোগ: থানায় মামলা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু স্থানীয় যুবলীগ নেতাসহ দুইজনের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জঙ্গলবাঁধাল গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বসুর কাছে একই এলাকার তবিবার রহমান এবং ৯ নম্বর আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ হোসেন গত ১৫ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার জঙ্গলবাঁধাল মৌজার বিভিন্ন দাগের (৩২৩ থেকে ৩৩৩ পর্যন্ত) মোট ৫৯ শতক জমি জবরদখল করে নেয়।
ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নিজের জমিতে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয়। এ সময় পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে জমিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় অভিযুক্তরা। বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
> “আমি এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
> — বিশ্বেশ্বর বসু, ভুক্তভোগী।

এদিকে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, জমি নিয়ে বিরোধ থাকলেও চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। স্থানীয় একটি পক্ষের ইন্ধনে বিশ্বেশ্বর বসু থানায় ‘কল্পকাহিনী’ সাজিয়ে মনগড়া অভিযোগ দিয়েছেন বলে তারা দাবি করেন।
পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ