দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সম্ভাব্য চাহিদা মোকাবিলায় আগাম জ্বালানি তেল কেনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে ভারতের কাছেও চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং ধারাবাহিকভাবে নতুন জাহাজ আসারও কথা রয়েছে। এসব কারণে মার্চ মাসে দেশে বড় ধরনের জ্বালানি তেল সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে জ্বালানি বিভাগ সতর্ক করে বলেছে, কেউ যদি প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করতে শুরু করেন, তাহলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
মার্চে জ্বালানি তেলের বড় সংকটের আশঙ্কা নেই, অতিরিক্ত সরবরাহ চেয়ে ভারতকে চিঠি

