যশোর প্রতিনিধি:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ মো. হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেদায়েত সিকদার যশোর শহরের কোতয়ালী মডেল থানার শেখহাটি খাঁপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাহেব আলী সিকদার। তিনি বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁপাড়া এলাকায় হেদায়েত সিকদারের নিজ বসতঘর এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকায় অবস্থিত ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে হেদায়েত সিকদারকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

