বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা এনামুল দল থেকে বহিষ্কার

আরো পড়ুন

বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়।
অভিযান ও গ্রেপ্তার: গত বুধবার (১১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের একটি দল বিমানবন্দর থানাধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে অভিযান চালায়। ডিএনসির কর্মকর্তারা ক্রেতা সেজে এনামুলের বাড়িতে যান। ইয়াবা বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ঘরে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ লক্ষ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এনামুল হাওলাদার ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
মাদক কারবারের অভিযোগ: ডিএনসি সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে ইয়াবা বিক্রি করে আসছিলেন। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা সেখানে নিয়মিত আসা-যাওয়া করত। পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি এই অবৈধ কারবার চালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
দলীয় অবস্থান: বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এনামুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ