সাতক্ষীরার প্রায় ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে (মায়ের বাড়ি) চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. তানভির রহমান (২১), পুরাতন সাতক্ষীরা এলাকা।
২. রাকিবুল ইসলাম রাকিব (২৫), পুরাতন সাতক্ষীরা এলাকা।
৩. মনিরুল ইসলাম (২০), মায়ের মন্দির সংলগ্ন এলাকা।
৪. আল ইমরান হোসেন সাকিব (২৫), পলাশপোল এলাকা।
৫. রবিউল ইসলাম (২৫), পারমাছখোলা এলাকা।
৬. বাবলু গাজী (৪২), গাংনিয়া মাহামুদপুর এলাকা।
ঘটনার প্রেক্ষাপট: গত মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা মূল্যবান স্বর্ণালংকার, রুপা এবং দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, চুরিকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
পুলিশের বক্তব্য: সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, চুরির ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এই চুরির সাথে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঐতিহাসিক এই মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।
সাতক্ষীরার ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দিরে চুরি: ৬ যুবক গ্রেপ্তার

