যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে দিনের বেলায় প্রকাশ্যে এক চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজে চোরচক্রের সুপরিকল্পিত তৎপরতা ধরা পড়লেও ঘটনার কয়েক দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি বাহনটি।
:
ভুক্তভোগী চালক রাসেল (যশোর সদর উপজেলার বিরামপুর কালীতলা গ্রামের বাসিন্দা) জানান, গত বুধবার দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে তিনি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইজিবাইকটি রেখে একজন রোগীকে আনতে ভবনের উপরে যান। ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি নেই।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাসেল উপরে যাওয়ার পরপরই ইজিবাইকটির ওপর নজরদারি শুরু করে কয়েকজন যুবক। প্রথমে একজন এসে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর আরও দুজন যুবক এসে তার সাথে যোগ দেয় এবং পাহারায় থাকে। সুযোগ বুঝে তাদের মধ্যে একজন ইজিবাইকটি চালিয়ে অনায়াসেই হাসপাতাল চত্বর ত্যাগ করে। দুপুর ১টা ৫ মিনিটে রাসেল নিচে নেমে দেখেন তার স্বপ্ন ও উপার্জনের অবলম্বনটি চুরি হয়ে গেছে।
:
বিস্ময়কর বিষয় হলো, শহরের প্রাণকেন্দ্রে এমন চুরির ঘটনা ঘটলেও কোতোয়ালি থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তার দাবি, এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য তার কাছে পৌঁছায়নি।
ভুক্তভোগী রাসেল জানান, ইজিবাইকটি চালিয়েই তার সংসার চলত। চুরির পর থেকে তিনি চরম অভাব ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত ইজিবাইকটি উদ্ধারে কোতোয়ালি থানার বর্তমান ওসি মাসুম খানের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দিনের বেলায় সরকারি হাসপাতালের ভেতর থেকে এমন চুরির ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

