যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ পাওয়া গেছে। ঘটনার এক মাস পর অসুস্থ অবস্থায় শিশুটিকে আজ বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশু লাবণ্য (২) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আসাদুজ্জামান ও আখি মনির কন্যা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে শিশুটির মা যশোর কোতোয়ালি মডেল থানাধীন মাইরে মন্দির (পতিতালয়) এলাকায় রোকেয়া নামে এক নারীর ঘরে অবস্থান করছিলেন।
অভিযোগ উঠেছে, ওই সময় রোকেয়ার বাসার এক অজ্ঞাতনামা গৃহকর্মী শিশুটিকে বেড়ানোর কথা বলে ঘোপ বউবাজার এলাকায় তার মেয়ের জামাইয়ের বাসায় নিয়ে যান। সেখানে এক অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে দাবি করেছেন শিশুটির মা।
ঘটনার পর সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিল শিশুটির পরিবার। কিন্তু সম্প্রতি শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং প্রসাবে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। অবস্থা বেগতিক দেখে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ঘটনাটি এক মাস আগের হলেও পরিবারটি এখন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

