লবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার পর মির্জা আব্বাস হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সেবা দেওয়া হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করছেন। স্বামীর দ্রুত সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের সামনে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ভিড় করেছেন। বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

