যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবককে একটি দেশীয় পিস্তল ও দুটি ককটেলসহ আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক জাকারিয়া ইসলাম রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুত এবং সেখানে বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ পায় র্যাব। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল দুপুর ১টার দিকে ওই বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে রনিকে আটক করা হয় এবং তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোনো অপরাধী চক্রের সাথে জড়িত কি না বা এই অস্ত্র ও বিস্ফোরক কোন উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

