যশোরে শোকের ছায়া: ঢাকায় গ্রাফিক্স ডিজাইনার মুন্নার রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

যশোরের কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন জগতের পরিচিত মুখ এবং দৈনিক ‘গ্রামের কাগজ’-এর সাবেক কর্মী মুন্নার (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) ভোরে রাজধানীর আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে ‘পরিকল্পিত’ বা ‘রহস্যজনক’ বলে দাবি করা হচ্ছে।
:
নিহত মুন্না দীর্ঘ কয়েক বছর ধরে ঢাকার আরামবাগে একটি কম্পিউটার ডিজাইন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার ভোরে আরামবাগের ওই বাসায় ফ্যানের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। জানা গেছে, মৃত্যুর ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিদায়ী স্ট্যাটাস দিয়েছিলেন।
:
মুন্নার এমন আকস্মিক মৃত্যুতে যশোরে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যশোরে অবস্থানরত তার পিতা এই মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক বলে মানতে পারছেন না। তিনি জানান, আজ ভোরে সেহরির সময়ও মুন্না তার মায়ের সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে ফোনে কথা বলেছেন। এমনকি আগামী শনিবার তার যশোরে বাড়িতে আসার কথা ছিল।
পরিবারের প্রশ্ন, যে মানুষটি সেহরির সময় স্বাভাবিকভাবে কথা বলেছেন এবং বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি হঠাৎ কেন কয়েক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করবেন? এই মৃত্যুর পেছনে অন্য কোনো গভীর রহস্য বা কারণ থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

মুন্না এক সময় যশোরের জনপ্রিয় স্থানীয় দৈনিক ‘গ্রামের কাগজ’ পত্রিকার কম্পিউটার বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। তার অমায়িক ব্যবহার এবং কাজের দক্ষতার কারণে তিনি যশোরের সংবাদকর্মী ও গ্রাফিক্স ডিজাইন অঙ্গনে বেশ জনপ্রিয় ছিলেন।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে রয়েছে। এই মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার স্বজন ও সহকর্মীরা।

আরো পড়ুন

সর্বশেষ